
প্রকাশিত,০৭, নভেম্বর,২০২১
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
ডিজেল-কেরোসিনের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও চাল-ডাল-তেলের দাম কমানোর দাবিতে এবং বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বাসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য বিজন শিকদার।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সংগঠক শানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা ডিজেল-কেরোসিন-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে ২০২০ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও সরকার মূল্য সমন্বয় করে দেশের মধ্যে তেলের দাম কমায়নি, গত ৭ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে গত দুই মাসে তেলের দাম সামান্য বাড়ার পরেই সরকার প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধি করেছে যা অযৌক্তিক ও অমানবিক। তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বাড়বে যা করোনা মহামারির সংকটের পর মানুষের উপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে নেমে আসবে।
এসময়ে বক্তারা অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি করেন। বাসদের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা বরিশালবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানান ও লুটপাট -দুর্নীতির এই স্বৈরতন্ত্র উচ্ছেদ করতে বাসদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার জন্য জনগনের প্রতি আহবান জানান।


