print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, অক্টোবর ২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে রবিবার বিকেলে উপজেলার খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের পরিত্যাক্ত ঘরের পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাতেমা আক্তার (২২) উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মাখল কালদাইর গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে, বলে জানা গেছে। সে আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার পরিবারের সঙ্গে রোববার সকালে গফরগাঁওয়ে আসে। পরিবারের লোকজন ভোটার আইডির কাজ করতে চলে যায়।
আর ফাতেমা কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। বিকেলে খোদাবক্সপুর গ্রামে বুরহান উদ্দিনের পরিত্যাক্ত ঘরের পাশে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে দেখতে পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই আব্দুল্লাহ বলেন, আমার বোনের সঙ্গে বোরহান উদ্দিনের ছেলে, মিরাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে ফাতেমাকে ফোন করে নিয়ে থাকতে পারে। বিকেলে মিরাজ ফোন করে জানায়, আপনাদের মেয়ে আমাদের বাড়িতে আছে, এসে নিয়ে যান। পরে মিরাজের বাড়িতে যাওয়ার পথেই সংবাদ পাই আমার বোন হাসপাতালে আছে। পরে হাসপাতালে এসে বোনকে মৃত পাই।

এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দিয়েছে নিহতের পরিবার।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।