
দেশে এই প্রথম খুলনায় মাত্র তিন কার্যদিবসে
মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা
খুলনা ঃ ২৭ অক্টোবর ২০২০
খুলনা জেলা প্রতিনিধি ঃ
দেশে এই প্রথম খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি সম্রাটকে গাজা রাখার অপরাধে 6 মাস কারাদণ্ড ও ইয়াবা রাখার অপরাধে 6 মাসের কারাদন্ড এবং 10 হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-4 এর বিচারক ডঃ আতিকুস সামাদ আজ মঙ্গলবার বেলা 11 টায় এ রায় ঘোষণা করেন।
আইনজীবীরা জানান, নগরীর লবণচরা থানা পুলিশ 2019 সালের 24 ডিসেম্বর মুক্তার হোসেন বাজার মেইন রোড থেকে 30 গ্রাম গাজা ও 6 পিস ইয়াবাসহ সম্রাটকে আটক করে। এ ঘটনায় লবণচরা থানার এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন গত 9 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। গত 21 অক্টোবর আদালতে মামলার চার্জ গঠন করা হয়।পরদিন 22 অক্টোবর 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং 25 অক্টোবর আর্গুমেন্ট শেষে আজ এ রায় ঘোষণা করা হলো। আদালতের এপিপি অ্যাডভোকেট শাহারা ইরানী পিয়া জানান, আদালতের বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত এই রায় ঘোষণা করা সম্ভব হলো। এ আদালতে বিচারাধীন 729 টি মাদক মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করা হবে।


