
প্রকাশিত,০৬,জুন,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন শেরপুর জেলার মেয়ে জারিন ফাইরোজ মুন। মে মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি। জারিন ফাইরোজ মুনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় ইন্ট্রোতে লেখা আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার ইন্টার্ন এট ফেসবুক।
জানা যায়, জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর শহরের গৌরীপুর মহল্লায়। শেরপুর শহরেই পড়াশোনার পাশাপাশি বেড়ে উঠেছেন তিনি। তিনি ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন।
বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে তিনি সেখানে চলে যান।
জারিন ফাইরোজ মুনের ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস জানান, এ বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর মার্চের শুরুতে তিন ধাপে মুন আপুর ইন্টারভিউ নেয় ফেসবুক। ইন্টারভিউয়ে সফল হওয়ার পরই ফেসবুক তার যোগদানের বিষয়ে বিস্তারিত জানায়। তিনি আরও জানান, মুন বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি।


