
প্রকাশিত,০৩,জুন,২০২১
আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে বিয়ের আড়াই মাস অতিবাহিত হতে না হতেই এক ‘কিশোরীবধূকে’ মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুটিয়াবাড়ি মহল্লায় গত সোমবার (৩১ মে) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিত কিশোরী গৃহবধূর পিতা মজনু মন্ডল থানায় মামলা করলেও এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।
জানা গেছে, গত ১৪ মার্চ ২০২১ইং হোসেনপুর পুটিয়াবাড়ি এলাকার সেলিম সেখের ছেলে নুর আলমের সঙ্গে পারিবারিকভাবে পার্শ্ববর্তী মিরপুর উত্তরপাড়া মহল্লার ওই কিশোরীর বিয়ে হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, বিয়ের দুই দিন পর মেয়েটি তার বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে গত ৩১ মে তার মা তাকে আবার স্বামীর বাড়ি রেখে আসেন।
“এরপরই স্বামী নূর আলম, শাশুড়ি, দেবর ও জা মিলে তাকে মারপিট করে চুল কেটে দিয়েছে। ওইদিনই মেয়েটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।”
এসআই মেহেদী আরও বলেন, “অভিযোগ পাওয়ার পর পরই ওই ছেলের বাড়ি গিয়েছিলাম, কিন্তু কাউকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”
এই ঘটনায় বুধবার (২ জুন) রাতে ভুক্তভোগী কিশোরী গৃহবধূর পিতা মজনু মন্ডল বাদী হয়ে ৫ জন আসামীর নাম উল্লেখ করে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মোঃ রবিউল ইসলাম জানান, “ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, ইতিমধ্যে মামলাটি নথিচুক্ত হয়েছে এবং অভিযুক্ত আসামীদের ধরতে আমাদের টিম কাজ শুরু করে দিয়েছে। আশা করি খুব দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।”
উক্ত বিষয়ে এলাকায় কর্মরত এনজিও এনডিপির সহকারী ম্যানেজ্যার (প্রতিবন্ধী ও শিক্ষা) শিপন চন্দ্র নাগ বলেন, “আমরা কয়েকজন মানবাধিকারকর্মী গতকাল বুধবার ওই নির্যাতিত মেয়েটির বাড়ি গিয়েছিলাম। মেয়েটিকে দেখে মনে হয়েছে তার বাল্যবিয়ে হয়েছিল।”
তিনি বলেন, “মেয়েটির মা বলেছে মেয়ের বয়স ১৭ বছর। মেয়েটির সাথে কথা বলে জানতে পেরেছি পারিবারিকভাবে বিয়ে হলেও ছেলেটিকে সে অপছন্দ করত। বিষয়টি বুঝতে পেরে বরসহ তার স্বজনরা শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করায় বিয়ের দুইদিন পরই মেয়েটি তার বাবার বাড়ি চলে যায়।”
সেখানে অবস্থানকালে শ্বশুর বাড়িতে মাঝেমধ্যে বরের যাতায়াত ছিল বলে মেয়েটির পরিবারের লোকজন জানান, বলেন তিনি।
তার এনজিওর পক্ষ থেকে দরিদ্র এই নির্যাতিত পরিবারের পাশে থেকে আইনি সহায়তা প্রদান করা হবে বলেও জানান শিপন।


