
প্রকাশিত,০২,জুন ২০২১
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই দিন রাতে নিহতের স্ত্রী মোছা. আফিয়া আক্তার নিজে বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার (২ জুন) দুপুর পৌনে ২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম।
নিহত আফাজ উদ্দিন (৩৫) উপজেলার রাজৈ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আব্দুল আজিজের বড় ছেলে রমিজ উদ্দিন ও ছোট ছেলে আফাজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
এরপর ওই জমি থেকে আকাশমণি গাছ বিক্রি করেন তাদের বাবা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাইকার গাছ কেটে নেওয়ার পর সেখান থেকে গাছের লাকড়ি মাথায় করে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন আফাজ উদ্দিন। এ সময় তার আপন বড় ভাই রমিজ উদ্দিন পেছন থেকে আফাজ উদ্দিনের দুই পায়ে এলোপাথাড়ি ভাবে ধারালো দা দিয়ে কোপ দিলে সে গুরুতর আহত হন।
পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে আবার ঢাকায় পাঠানো হয় তাকে।
এরপর ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আফাজ উদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফিয়া আক্তার নিজে বাদী হয়ে ভালুকা মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- আব্দুল আজিজের ছেলে রমিজ উদ্দিন (৪০) ও তার স্ত্রী মোছা. নাজনিয়ারা (৩২)
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম পিপিএম বলেন, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ।


