print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭ এপ্রিল, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ

– ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত হয়ে রুহুল আমিন বিপুল (৩৮) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৩টায় তিনি মারা যান। বিদ্যুৎ প্রকল্পের নিকিমথ কোম্পানির শ্রমিক হিসেবে তিনি কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিপুলের ফুফা এবং ঈশ্বরদীর সলিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডল।
রুপপুর বিদ্যুৎ প্রকল্পের ওই শ্রমিক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া গ্রামের নুর জামাত প্রামাণিকের ছেলে।
ইসরাইল হোসেন মন্ডল জানান, গত ১০ এপ্রিল বিপুলের করোনা পজেটিভ হলে তাকে নিকিমথ কোম্পানি থেকে ছুটি দেওয়া হয়। বিষয়টি সে বাড়িতে গোপন রাখে। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাতে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি জানান, করোনা আক্রান্ত বিপুলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শুক্রবার সকালে বিপুলের লাশ করোনা পজিটিভ ডেট সার্টিফিকেটসহ ঈশ্বরদীর জয়নগরে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
এলাকাবাসী জানান, বিপুলের নামাজে জানাজা এবং দাফন শুক্রবার বাদ জুম্মা ঘোষণা করা হয়। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি অনুসরণ করে অল্প সংখ্যক মানুষ নিয়ে সকাল ১১টায় লাশটি দ্রুত দাফন করা হয়।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, রুপপুর প্রকল্পের শ্রমিকের করোনায় মৃত্যুবরণের বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি রাতে জানতে পেরেছি। ওই পরিবারের লোকজন অবাধে চলাফেরা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।