print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

দেশে করোনা ভাইরাস সংক্রমণের আগের সব রেকর্ড ভেঙে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক১১৬৫১জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

৩৬ হাজার ৮৫০ নমুনা পরীক্ষায় মোট ১১ হাজার ৬৫১ জনের দেহে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটি। নমুনা পরীক্ষার তুলনায় যা ৩১ দশমিক ৬২ শতাংশ। এর আগে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল গত ৬ জুলাই। নতুন শনাক্ত মিলিয়ে দেশে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। দেশে সর্বোচ্চ সংখ্যক ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গত বুধবার (৭ জুলাই)।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নতুন ১৯৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৩ জন ও নারী ৬৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার ১৩৫ জন ও নারী চার হাজার ৬৫৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন ও ষাটোর্ধ্ব ১০৭ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন ও বাসায় ১২ জন মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।