
প্রকাশিত,০৯,জুন,২০২৩
সুমন আহমেদ :
মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মরক্কোতে যুক্তরাজ্যের ‘International Academy of Sufi Scholars’ কতৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করায় আজ ৮ই জুন, ২০২৩ কুমিল্লা শহরে তার সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন,”আমার এ অর্জন আমাকে দেশ ও মানুষের প্রতি আরো কাজ করতে উদ্বুদ্ধ করবে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রামের মূল দাবি ছিলো বৈষম্যহীন সমাজ গঠন। কারণ পাকিস্তানী শোষকশ্রেণী বাঙালি জাতির প্রতি অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা-সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের প্রাচীর গড়ে তুলেছিলো। কিন্তু আজ স্বাধীনতার ৫২ বছর পরে এসেও যখন ধনী-গরিবের বৈষম্য দেখি, মানুষের অধিকার ভূলুণ্ঠিত হতে দেখি, তখন অকপটেই বলা যায় – বীর শহিদদের মহৎ আত্নত্যাগের সম্মাম আমরা রক্ষা করতে পারছি না। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল অন্তরায় হল দুর্নীতি। আমরা সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ দেখতে চাই। দেশের চলমান অর্থনৈতিক সংকটের পেছনে দায়ী মুদ্রা পাচারকারী, ঋণখেলাপীরা। এরা দেশ ও জাতির শত্রু। শত্রুকে দমন করতে না পারলে শত্রুরা এ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এ ক্ষেত্রেও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দেশের স্বার্থে একতাবদ্ধ হতে হবে। ‘ঐক্যের সাথে দেশ গড়ি’ এ মূলমন্ত্র ধারণ করে আমি ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ গঠন করেছি। আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য জনগণের পক্ষে কথা বলা, অধিকার বাস্তবায়নের লক্ষে সংগ্রাম করা। পাশাপাশি আমরা একটি ইতিবাচক রাজনীতির উদাহরণ সৃষ্টি করতে চাই।”
নাগরিক সংবর্ধনায় উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব খলিফা শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
পরে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাতু সালাম পেশ এবং বিশ্ববাসীর কল্যাণ কামনায় প্রার্থনা জানান শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।


