print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ০৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত,১৫,জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দুজন নারী। তবে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮৫ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিস্ফোরণের পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে।’ এ বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিন দেখে গেছে, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার পাশে ‘চায়না পয়েন্ট’ নামে একটি পাঁচতলা ভবন। এ ভবনে ব্র্যাক ব্যাংকের শাখা রয়েছে। বিস্ফোরণে পাঁচতলা এ ভবনের সব ফ্লোরই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে জানালার কাচ।

বিস্ফোরণের ভয়াবহতা আঁচ করা যাচ্ছে আশপাশের বিভিন্ন স্থাপনা দেখেও। সব ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। রাস্তায় চলাচল করা কয়েকটি যাত্রাবাহী বাসও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাসের জানালার কাচ ভেঙে গেছে। আহত হয়েছেন বাসে বসে থাকা যাত্রীরাও।

ভয়াবহ এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৮৫ জন। তাদের মধ্যে ৪৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হচ্ছে। অনেকে এখনও নিখোঁজ। হতাহত ও নিখোঁজদের সন্ধানে ঢামেকে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল।