
প্রকাশিত,২৭ এপ্রিল ২০২১
রাজীব সরকার, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদনে হাওরে ট্রলার ডুবে ১৮ জনের প্রাণহানি ঘটনার আট মাস পর গ্রেপ্তার করা হয়েছে ট্রলারটির মালিক ও দুই চালককে। উপজেলার উচিতপুর নৌঘাট থেকে তাদের সোমবার রাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, ট্রলার মালিক মদনের কুলিয়াটি গ্রামের লাহুত মিয়া এবং চালক উচিতপুর গ্রামের আল আমিন ওরফে শাহাবাদ ও উলুয়াটি গ্রামের মো. খায়রুল। তারা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
২০২০ সালের ৫ আগস্ট ময়মনসিংহ সদর ও গৌরীপুর থেকে হাওরে ঘুরতে যাওয়া কয়েকটি মাদ্রাসার ৪৮ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে ভাই ভাই ট্রলারটি ছেড়ে যায় উচিতপুর ঘাট থেকে। ট্রলারটি প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রাজালীকান্দায় পৌঁছলে দুপুর সোয়া ১২টার দিকে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রচন্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায় বলে সে বছরের ১৯ আগস্ট জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেয় কমিটি। এ নিয়ে ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ নৌ আদালতে মামলা হয়। এতে ট্রলার মালিক লাহুত মিয়া ও দুই চালককে আসামি করে নৌ পুলিশ। তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।
এব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আসামিদের আজ (মঙ্গলবার) যেকোন সময় নেত্রকোণা আদালতে তোলা হবে।
রাজীব সরকার
নেত্রকোণা প্রতিনিধি
তারিখ- ২৭.০৪.২১


