print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩১, আগস্ট,২০২৩

হারুন অর রশিদ রাজু
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবু সাঈদ মিয়া নামের এক শিশুর মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আবু সাঈদ কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্বজনরা জানান, কয়েকদিন আগে মা শিল্পী বেগম তার ১৮ মাস বয়সের শিশু সন্তানকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার সকালে শিশু আবু সাঈদকে বাড়ির উঠানে রেখে মা শিল্পী বেগম রান্না করছিলেন। হঠাৎ সবার অজান্তে আবু সাঈদ খেলতে খেলতে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত অবস্থায় শিশু আবু সাঈদকে উদ্ধার করেন স্বজনরা।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
হারুন অর রশিদ রাজু
গাইবান্ধা জেলা প্রতিনিধি