
বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন মঙ্গলবার স্বাক্ষরিত এক চিঠিতে এই বরখাস্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর ২০০৭ দুপচাঁচিয়া থানার মামলা (দুদক), স্পেশাল মামলা নম্বর ৪/০৮ এর অভিযোগপত্র এবং গত ৮ সেপ্টেম্বর ২০১৭ দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২) এর (ঈ)/১২, জি আর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এতে পৌরসভার মেয়র কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে।
সদ্য বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম জানান, তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন।


