print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, মার্চ,২০২৩

রাজশাহী প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেক পোস্ট দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট খুলেছে। ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন। 
আজ থেকে সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এতে দুরত্ব কমবে প্রায় ৬০০ কিলোমিটার। করোনাকালীন পরিস্থিতির কারণে বন্ধ হওয়ার কারণে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমণ করতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ আশেপাশের জেলাগুলোর যাত্রীদের যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে যাওয়া-আসা করতে হতো। এতে অতিরিক্ত দুরত্ব বেড়েছিল প্রায় ৬০০ কিলোমিটার।
উদ্বোধন কালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গত ১২ মার্চ চালু হওয়ার কথা ছিল সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন। তবে কিছু কাগজপত্রের জটিলতায় তা হয়নি। ফলে গতকাল ১৬ ই মার্চ দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করলেন। এতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের ভারতগামী যাত্রীদের একদিকে যেমন খরচ কমবে, তেমনি অন্যদিকে দুরত্ব করবে। ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণে আমরা ২৫ জন ব্যবসায়ীকে নিয়ে ভারতে যাচ্ছি এই ইমিগ্রেশন দিয়ে। 
তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, দীর্ঘ তিন বছর ধরে আমরা ব্যাপক দুর্ভোগে ছিলাম। আমদানি-রপ্তানির কাজে আমাদেরকে ওপারে (ভারত) যেতে হয়। কিন্তু গত ৩ বছর যশোরের বেনাপোল দিয়ে যেতে হয়েছে। এতে দুরত্ব যেমন বেড়েছে ৬০০ কিলোমিটার, তেমনি খরচও অনেক হয়েছে।
মেসবাউল হক, বায়োজিত সহ কয়েকজন পাসপোর্টধারী যাত্রী বলেন, আমরা সোনামসজিদ স্থল বন্দরে গমসহ বিভিন্ন পণ্য আমদানি করি। তাই মাঝে মাঝে ব্যবসায়িক কাজে আমাদের ভারতে যাওয়া লাগে। কিন্তু সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন বন্ধ থাকায় আমাদের বেনোপোল দিয়ে যেতে হত। এতে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হত। টাকাও বেশি খরচ হত। আজকে থেকে এই ইমিগ্রেশন দিয়ে ভারতে যেতে পারব। এতে আমাদের ভোগান্তি কম হবে। 

সোনামসজিদ ইমিগ্রেশনের কুলি সাইদুর রহমান জানান, গত তিন বছর ধরে ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে বেকার ছিলাম। এই পেশায় কাজ করে সংসার চালায়। কিন্তু গত তিন বছর ধরে তা করতে পারিনি। আবার চালু হওয়ায় নিজেদের পেশায় ফিরতে পারলাম। ভালো লাগছে, আবারও কাজে ফিরতে পারছি।

ফিতা কেটে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের উদ্বোধন করা হয়। পরে উভয় দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ফুল দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, ভারতের মহদীপুর এ্যাসিস্ট্যান্ট কমিশনার (কাস্টমস) দেবাশীষ মুখোপাধ্যায়, এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম) বৈভব চৌধুরী, বিএসএফের কামাডেন্ট সঞ্চয় শর্মা, মহদীপুর স্থলবন্দরের সুপার এলসি ইনচার্জ দেশ দুলাল চ্যাটার্জিসহ অন্যান্যরা। 

এর আগে একাধিক বার সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সোনামসজিদ ইমিগ্রেশন খুলে দেয়ায় ভারতীয় সরকার, পশ্চিমবঙ্গের সরকার, রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার, এফবিসিসিআইসহ বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী ও পাসপোর্টধারী যাত্রীরা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনামসজিদ রুটে বছরে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াত করেন। এগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের লোকজনকে প্রায় ৬০০ কিলোমিটার ঘুরপথে যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে হচ্ছিলো। এতে সময় ও অর্থ দুটোয় বেশি লাগতো। 

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদীপুর স্থলবন্দর।