print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪,ডিসেম্বর,২০২৩

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে দুটি বাদে বাকিগুলো বৈধতা পেয়েছে নির্বাচন কমিশনের বিচারে। সোমবার বিকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- জাতীয় পার্টির জি এম কাদের, আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মো. আইনুল হক, স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম।

রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেন, ঢাকা-১৭ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ আর দুজনেরটা বাতিল করা হয়েছে। “যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ১ শতাংশ ভোটার তালিকার অধিকাংশই ভুল দিয়েছেন আর বাংলাদেশ কংগ্রেসের মো. আখলাকুর রহমানও ভোটারদের যে তালিকা দিয়েছেন তা সঠিক ছিল না।”