print news || Dailydeshsomoy

প্রকাশিত,-০১ নভেম্বর/২০২১

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা আব্দুর রশিদ বকুলের কর্মী ও সমর্থকদের মোটর সাইকেল ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী মশিউর রহমানের নেতা কর্মীদের বিরুদ্ধে।

রবিবার রাতে ক্ষেতলাল উপজেলার মহবতপুর সাখিদারপাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আজ ৩১ অক্টোবর রাতে স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থীর কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারণা শেষে ক্ষেতলাল উপজেলার মহবতপুর সাখিদারপাড়া এলাকায় বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে মোটর সাইকেল রেখে পাশের গ্রামের বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছিলেন ও নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন । হঠাৎ আওয়ামীলীগ প্রার্থীর কর্মী সমর্থকেরা আনারস মার্কার কর্মী সমর্থকদের মারপিট করে ৭টি মোটর সাইকেল ভাংচুর করে ও পানিতে ফেলে দেয়। পরে ১টি তে অগ্নিসংযোগ করে ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভাংচুর ও অগ্নিসংযোগ করা মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোন মামলা বা আটক হয়নি। এছাড়াও রাতে ফকন্নি হাট এলাকায় কয়েকটি দোকান ভাংচুর হয়েছে।

ক্ষেতলালের মামুদপুর ইউনিয়নের আনারস মার্কা প্রার্থী আব্দুর রশিদ মন্ডল বকুল বলেন, আমাদের কর্মীরা মোটরসাইকেল রেখে পাশের বাড়িতে নির্বাচনী প্রচারনা ও ভোট চাচ্ছিলেন এমন সময় নৌকা মার্কার কর্মী সমর্থকরা এলোপাতারি হামলা করে ৭ টি মোটর সাইকেল ভাংচুর ও ১ টি তে আগুন লাগিয়ে দেয়।

ক্ষেতলালের মামুদপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মশিউর রহমান শামীম বলেন, আমাদের কয়েকজন কমীর্ সমর্থককে আটকে রাখার কারনে আমাদের কর্মী সমর্থকরা তাদের উদ্ধারের জন্য গেলে তাদের উপর আনারস মার্কা প্রার্থীরা হামলা করে।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ বলেন, কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে।

নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট