
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে আরও গতিশীল ও সমন্বিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মোঃ সেলিমুজ্জামান মোল্যা (গোপালগঞ্জ-১), ডাঃ কে এম বাবর (গোপালগঞ্জ-২), এস. এম. জিলানী (গোপালগঞ্জ-৩) এবং শরীফ রফিকুজ্জামান, আহ্বায়ক, গোপালগঞ্জ জেলা বিএনপি-এর উপস্থিতিতে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীরসহ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়ার উপজেলা পর্যায়ের প্রকৌশলীবৃন্দ এবং এলজিইডি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভার শুরুতে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্ট, বাজার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখতে সংসদ সদস্যদের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যরা এলজিইডি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাস্তবমুখী ও সময়োপযোগী নানা পরামর্শ দেন। তাঁরা আশ্বস্ত করেন, গোপালগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভার প্রারম্ভে এলজিইডি গোপালগঞ্জের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী সংসদ সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করেন।
এই মতবিনিময় সভার মাধ্যমে গোপালগঞ্জ জেলার উন্নয়ন অগ্রযাত্রায় জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে আরও টেকসই ও জনবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।




