print news || Dailydeshsomoy

প্রকাশিত

হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিবেদকঃ

গাইবান্ধায় বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও দুঃসময়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মতামত গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, গাইবান্ধা জেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেবেন দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য।

তাদের অভিযোগ, বর্তমান কর্মকাণ্ডে তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের মতামত ও অবদান যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক সাংগঠনিক আলোচনা করা হলে দলের অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তাদের ভাষ্য, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, সাংগঠনিক ঐক্য এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। কাউকে অবমূল্যায়ন করে নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই দলকে আরও সুসংগঠিত করা সম্ভব।
এ অবস্থায় সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হোক।

তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।