
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধিঃ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর এমপির সাথে গলাচিপা উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রাত ৮টার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল হক বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি এলাকার উন্নয়নের আয়না। গলাচিপা ও দশমিনার প্রকৃত চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় গলাচিপা উপজেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও তথ্য প্রাপ্তিতে জটিলতার বিষয়গুলো তুলে ধরেন।
এমপি নুরুল হক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ।



