print news || Dailydeshsomoy

প্রকাশ : ২০ নভেম্বর ২০২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোথায় মৃত্যু হবে কোথায় হবে না, সেটা নিয়ে বিএনপি নেতারা ভাবেন না। তারা শুধু একটা সুযোগ, একটা পরিবেশের অপেক্ষায় আছেন। গণজাগরণের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একাত্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

বিএনপির এই নেতা বেলন, আজকের তরুণ সমাজকে বলব, আগামীর দিনটা আপনাদের। আপনাদের বয়সে আমরা বাংলাদেশ কেমন দেখব, সেটা ভেবে ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম। কিন্তু যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ এখনো দেখতে পারিনি। সেই বাংলাদেশ দেখার যে লড়াই, সেই লড়াইয়ে আপনাদের পাশে আমরা আছি।

দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক।

যুবকদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আগামীর দিনটা কিন্তু আজকের যুবকদের। আজকের তরুণদের। সে কারণে আগামীর বাংলাদেশটা কেমন হবে, কেমন দেখতে চান তার জন্য আপনারা সক্রিয় হয়ে সেই বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যার অগ্রভাগে অত্যন্ত সাহসিকতার সাথে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আজকে থেকে আমরা চেষ্টা করি আগামী দিন যেন আমাদের তার নেতৃত্বে, তার উপস্থিতিতে জন্মদিন উদযাপন করতে পারি।’

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বক্তব্য রাখেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আমিনুল হক, মীর সরফত আলী সপু, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, অঙ্গ সংগঠনের নেতা কাজী আবুল বাশার, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, সাদেক আহমেদ খান, কাজী মনিরুজ্জামান মুনির, নজরুল ইসলাম তালুকদার, এসকে সাদী, মেহেদী হাসান পলাশ, আবদুর রহিমসহ কয়েকশ’ নেতা-কর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

এর আগে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনটি কেক কাটেন গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও সহ-সভাপতি ইউনুস মৃধা।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।