
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২,
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর গোলাপবাগ মাঠে কাল শনিবার বেলা ১১টায় বিএনপির সমাবেশ শুরু হবে। এই সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি।
আজ শুক্রবার বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
রাজধানীতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে কয়েক দিনের চাপান-উতোর পর আজ গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনও বলেন, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির বিষয়টি তাঁদের জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ এই অনুমতি মেলার পরপরই সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কাল বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। গোলাপবাগে মঞ্চ তৈরি, মাইক লাগানো এবং নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চাই আমরা।’
এই সমাবেশে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান খন্দকার মোশাররফ।
তিনি বিশেষ করে ঢাকাবাসীকে সমাবেশের উপস্থিত থেকে ‘ সরকারের জুলুম, অত্যাচার , নিপীড়নের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করার’ আহ্বান জানান। এ ছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনে যারা শরিক আছে তাদেরও যার যার অবস্থানে থেকে ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে সরকারের বিরুদ্ধে যে ১০ দফা রূপরেখা দেওয়া হবে তার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।


