

প্রকাশিত
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে আনুষ্ঠানিক সমর্থন জানালেন দুই উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শনিবার বিকেলে শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো সনাতন ধর্মাবলম্বী উপস্থিত হয়ে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাদের সমর্থন ঘোষণা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আমরা এখানে বসে আছি, অথচ মনটা পড়ে আছে এভারকেয়ার হাসপাতালে। যেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া। যিনি চল্লিশ বছর আপনাদের ভোটাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই করেছেন। গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদের কাছে মাথানত না করা, কারাবরণকে হাসিমুখে গ্রহণ করা, অসুস্থ অবস্থায়ও জনগণের অধিকার নিয়ে কথা বলা এসবই তার (খালেদা জিয়া) জীবনের বড় সংগ্রাম। আজ তিনি সংকটাপন্ন। আমাদের হাতে এখন শুধু প্রার্থনাই অবশিষ্ট।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এবারের নির্বাচন শুধু একজন সংসদ সদস্য বানানোর নয়। এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর বড় পরিবর্তন আসবে, যেখানে নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, ধনী-গরিব কারও মধ্যে বৈষম্য থাকবে না। এমন বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনে
আপনাদের সহযোগিতা প্রয়োজন।
মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সিরাজদীখান আমার অতি পরিচিত জায়গা। আমার বাসা থেকে মাত্র একটি ছোট নদীর ব্যবধান। এই মহাসমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি প্রমাণ করছে, আপনারা কতটা ভালোবাসেন শেখ মো. আব্দুল্লাহকে। এ সময় দলীয় ভেদাভেদ ভুলে ধানের শীষের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক আনদীপ ঘোষ, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদীখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী প্রমুখ। এ ছাড়া দুই উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মীসহ ১০ সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী সমাবেশে উপস্থিত ছিলেন।


















আপনার মতামত লিখুন :