
প্রকাশিত, ২৯ জানুয়ারি, ২০২১
মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাগর শিকদার (২০), এমদাদ বেপারী (২৩), রশিদ সরদার (৬৫) নাম পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় গাছে টানানো স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর চামচ প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলে নৌকার প্রার্থী এসএম হানিফের কর্মীরা। এরই প্রতিবাদ করলে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়। তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এমদাদ বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।
এদিকে সমর্থকদের নিয়ে হাসপাতালে আহতদের দেখতে গেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুকে অবরুদ্ধ করে রাখে নৌকার পক্ষের সমর্থকরা। পরে উভয়পক্ষের কর্মী ও সমর্থকরা স্লোগান দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মিছিল দেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ গিয়ে মিঠুকে উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে। যদিও সংঘর্ষের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকরা। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।


