print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশের ঢালে খলিশাখালী বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঘরের মালামাল ও তিনজন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে আসছিল ঢাকা মেট্রো-ন-২০-৪৬৬১ নম্বরের একটি পিকআপ ভ্যান। ভোরে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-১৭৭৬ নম্বরের জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে পিকআপচালক চান মিয়া মারা যান।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজ গ্রামের মো. আজাহার গাজীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে হারুন মোল্লা (৪৫) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৪০)। তাঁরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ জানান, বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির বেপরোয়া গতির কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান ও ট্যাংকলরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্যাংকলরির চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।