print news || Dailydeshsomoy

প্রকাশিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের পাল্টিপাড়া গ্রামে মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন ফাহিম ফারুকী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান। এ ঘটনায় বাড়িতে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। খবর পেয়ে ফাহিম ফারুকী ঘটনাস্থলে গিয়ে বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফাহিম ফারুকী এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে এর জন্য আওয়ামী লীগ ও দলটির অনুসারীদের দায়ী করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও জানান, এর আগেও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি পাওয়া গিয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের অগ্নিসংযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, এ ঘটনায় পাগলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।