
প্রকাশিত
সাইফুল ইসলাম।
শহরের ব্যস্ত নগরজীবনে যেখানে সবুজের দেখা মেলা কঠিন, সেখানে রায়েরবাগে সাত তলা ভবনের ছাদকে সবুজের রাজ্যে পরিণত করেছেন মো. দেলোয়ার হোসাইন। মুন্সীগঞ্জের এই বাসিন্দা দীর্ঘ ৩৬ বছর সুইজারল্যান্ডে থাকার পর বর্তমানে ঢাকার রায়েরবাগে বসবাস করছেন। নিজের বাড়ির সাত তলার ছাদে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক ছাদ কৃষি বাগান।
দেলোয়ার হোসাইনের এই ছাদ বাগানে রয়েছে প্রায় ১০০ ধরনের ফল, শাকসবজি ও বিভিন্ন প্রজাতির গাছ। দেশি ফলের পাশাপাশি বিদেশি বিভিন্ন ফলের ও ঔষধি গাছও রয়েছে তার সংগ্রহে।
তার ছাদ বাগানে দেখা যায় আম, লেবু, কমলা, খেজুর, আঙুর, আখ, ডালিম, সফেদা, কলাসহ নানা ধরনের ফলের গাছ। পাশাপাশি রয়েছে বিভিন্ন মৌসুমি ও দেশীয় সবজি। কলমি শাক, ডাটা শাক, লাল শাক, তেজপাতা, হলুদ, মরিচ, বেগুনসহ নানা ধরনের শাক-সবজিও তিনি ছাদেই চাষ করছেন।
সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে দীর্ঘ সময় কাটানোর পরও দেশের মাটি ও কৃষির প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজের বাড়ির ছাদে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়। তার এই ছাদ বাগান শুধু পরিবারের জন্য নিরাপদ ও তাজা ফল-সবজির উৎস নয়, বরং শহরের অন্যান্য মানুষকেও ছাদে কৃষি করতে উৎসাহিত করছে।
দেলোয়ার হোসাইনের সাততলার এই ছাদ বাগান প্রমাণ করে কৃষির জন্য বিশাল জমি সবসময় প্রয়োজন হয় না; ইচ্ছা, ভালোবাসা ও পরিকল্পনা থাকলে বাড়ির ছাদকেও পরিণত করা যায় সবুজ কৃষিক্ষেত্রে।
নগর জীবনে এমন ছাদ কৃষি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



