print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট সদর হাসপাতালের বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পরিচ্ছন্নতা নিশ্চিত, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং রোগীদের সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (২৬শে আগস্ট) সকালে লালমনিরহাট সদর হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার কথা একটাই যে আগের মতো হাসপাতাল চালানো যাবে না। যতটুকু সম্পদ আছে তা সর্বোচ্চ ব্যবহার আমরা যেন করি। আমরা যেন ফাঁকি দেওয়ার চেষ্টা না করি। এটা নাই সেটা নাই শুধু নাই নেই না করে যতটুকু আছে ততটুকুর কার্যকর ব্যবহার নিশ্চিত করি’।

লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় স্বাস্থ্যসেবার সুযোগ তুলনামূলকভাবে কম উল্লেখ করে তিনি বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অবকাঠামো থাকলেও প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুবিধার ঘাটতি রয়েছে। সরকার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, চিকিৎসক নিয়োগের পর অন্যান্য পদেও জনবল দেওয়া হলে হাসপাতালকে আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

আউটসোর্সিং কর্মচারীরা যাতে কোনো অবস্থাতেই রোগীদের কাছ থেকে টাকা নিতে না পারেন, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালে স্থায়ী ফুলের গাছ লাগাতে হবে। তিনি বলেন, আর দুর্গন্ধযুক্ত পরিবেশ, ময়লা আবর্জনা, হাসপাতালে থাকবে না। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যেকোনো বিষয়ে তাঁর সঙ্গে পরামর্শ এবং কোনো অভিযোগ থাকলে তাঁকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ ভালো করতে গেলে সকলের সহযোগিতা খুবই দরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) কে. এম ফজলুল হক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ কার্যক্রমের উদ্‌বোধন করেন।