print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লালমনিরহাটের প্রাণপ্রবাহ ধরলা নদীর ভাঙন রোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ধরলা নদীর বাম তীর সংরক্ষণ ও নদীর গতিপথ স্থিতিশীল রাখতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প অনুমোদনের খবরে লালমনিরহাট সদরসহ নদী তীরবর্তী এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে আর নদীভাঙনের কারণে বসতভিটা হারানোর শঙ্কায় থাকতে হবে না হাজারো পরিবারকে। একই সঙ্গে রক্ষা পাবে শত শত হেক্টর আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিভিন্ন স্থাপনা।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ধরলা নদীর তীব্র ভাঙনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই বাড়িঘর ও কৃষিজমি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। নদী রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় নদীর বাম তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, তীর সংরক্ষণ ও নদীর গতিপথ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহল এ প্রকল্প অনুমোদনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রকল্পটি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তারা উল্লেখ করেন।
এদিকে প্রকল্প অনুমোদনের খবরে নদী তীরবর্তী এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে বাস্তবায়ন সম্পন্ন হলে ধরলা নদীর ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে লালমনিরহাটের বিস্তীর্ণ জনপদ।