
প্রকাশিত
মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাহী ইউনিয়নের বণিকপাড়া এলাকায় নির্মিত ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প সভাপতি মো. শওকত হোসেন। তিনি দাবি করেছেন, ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ ও ভিডিও ‘মিথ্যা ও ভিত্তিহীন’।
শওকত হোসেন জানান, গত ৮ আগস্ট টানা ভারী বৃষ্টিপাতের সময় পানির তীব্র স্রোত ও বালুর চাপে ড্রেনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত প্রায় সাত ফুট অংশ পুনর্নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, “ড্রেনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কথা আমি বারবার জানিয়েছি। এরপরও কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। প্রকৃত অবস্থা যাচাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য আমি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানাচ্ছি।”
প্রকল্পের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, অতিবৃষ্টির কারণে পানির প্রবল স্রোতে ড্রেনের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার দিনই ওই অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্মাণকাজে বাঁশের খুঁটি ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিজ খরচে পুনরায় ড্রেন নির্মাণ করবেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, তিনি সম্প্রতি সরেজমিনে ড্রেনটি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী, ড্রেনের যেকোনো ত্রুটিপূর্ণ অংশ পুনর্নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, ড্রেনে পানি নিষ্কাশনের সুবিধার্থে নির্দিষ্ট স্থানে ছিদ্র করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট প্রকল্পের বিল আটকে দেওয়া হবে।



