print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন করা হয়েছে। সামাজিক অপরাধমুক্ত ও আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে আয়োজিত এ একদিনব্যাপী খেলায় স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শনিবার (৯ আগস্ট) বিকেলে হারাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হাডুডু খেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একেএম মমিনুল হক বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। তাই এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।