print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, ফেব্রুয়ারি,২০২৪

গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় মানিক (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশার ৩ জন যাত্রী গুরুতর আহত হন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁওয়ে মাইজবাড়ী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে পাগলা যাওয়ার পথে লংগাইর গ্রামে বিপরীত দিক থেকে আসা চালভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে অটোচালক মানিক ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশার তিন যাত্রী নারগিস (৫০), সনিয়া আক্তার (৩৫) ও রতন মিয়া (৬০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত সনিয়া আক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেলেও নারগিস ও রতন মিয়ার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।