
প্রকাশিত,১৯,ডিসেম্বর,২০২৩
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের প্রতীক বরাদ্দের পর তিন আসনের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এক মঞ্চে উপস্থিত হন।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় তিন প্রার্থীকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর এলাকার ভাওয়াল রাজবাড়ী মাঠে উপস্থিত হন তিনি।
গাজীপুর-১ আসনের (কালিয়াকৈর) স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ও গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, “আমাদের আবেগ, আমাদের এই শহর আমাদের এই জেলা এবং এই থানা। গাজীপুর পাঁচটি সংসদীয় আসনকে যারা সম্মান করবে, সেইসব ব্যক্তিদের জনপ্রতিনিধি হওয়া দরকার। আজকে দেখেন সব আওয়ামী লীগ একসাথে হয়েছে। “যাদের রক্তে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগকে ভালবাসেন, যারা জীবন দেয় আজ তারাই একসাথে হয়েছেন। মাননীয় প্রাধনমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগ নিয়ে স্বপ্ন দেখার। সেই সুযোগটা আগামী ৭ তারিখ আমরা কাজে লাগাতে চাই।”
অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন, রেজাউল করিম ও আখতারউজ্জামানও বক্তব্য রাখেন। আখতারউজ্জামান বলেন, “ভোট সুষ্ঠু করতে হবে। প্রত্যেক কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যস্ত লাইন ধরে মা বোনেরা ভোট দিবে। প্রশাসন, নির্বাচন কমিশন মানুষের আস্থার জায়গায় অনেকটা নিয়ে গেছে। “সবকিছু এখন পর্যন্ত ঠিকভাবে চলছে, আমরা আশা করি ৭ জানুয়ারি পর্যন্ত এ রকমই চলবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে।”
এসময় বক্তাতারা আরও বলেন, “গাজীপুর পাঁচটি সংসদীয় আসনের প্রত্যেকটি নাগরিকদের যারা সম্মান করবে, সেইসব ব্যক্তিদের জনপ্রতিনিধি হওয়া দরকার।”


