
প্রকাশিত,২০, আগষ্ট,২০২২
এস চাঙমা সত্যজিৎ
ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগঃ
ইতিহাসের এই দিনে (২০ আগস্ট) উপনিবেশিক পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য চট্টগ্রাম আগ্রাসন করে। তাই আজকের এই দিনটিকে পার্বত্য চট্টগ্রামবাসীদের নিকট এক ঐতিহাসিক আগ্রাসন দিবস হিসেবে পালন করে থাকে।
‘২০ আগস্ট’ পার্বত্যবাসীদের জীবনে এক অভিশপ্ত দিন! ১৯৪৭ সালের এদিনে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আগ্রাসন চালায়। অন্যায় জবরদস্তিমূলকভাবে ‘ভারত স্বাধীন আইন ১৯৪৭’ লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রাম ভূ-খণ্ডকে পাকিস্তান নামক এক ধর্মান্ধ রাষ্ট্রে অন্তর্ভুক্ত করে নেয়।
ব্রিটিশ শাসনের অন্তিম লগ্নে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়কালে ১৯৪৭ সালের ১৫ আগস্ট সকালে রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা ও বান্দরবানে বার্মার পতাকা উত্তোলন করা হয়। স্নেহ কুমার চাকমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সাথে যুক্ত হওয়ার। বোমাং রাজ পরিবারের নেতৃত্বে বান্দরবানবাসী বার্মার সাথে যুক্ত হতে চেয়েছিল। কিন্তু বেলুচ রেজিমেন্ট সশস্ত্র শক্তির জোরে রাঙ্গামাটির ডিসি অফিস ও কতোয়ালি থানা থেকে ভারতীয় পতাকা এবং বান্দরবান থেকে বার্মার পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করে। এর মধ্য দিয়ে এ অঞ্চলে পুরোপুরি পাকিস্তান দখল কায়েম হয় এবং পার্বত্য চট্টগ্রামে শুরু হয় এক অভিশপ্ত অধ্যায়, যার স্থায়ীত্ব ছিল প্রায় সিকি শতাব্দী পর্যন্ত (১৯৪৭ আগস্ট-১৯৭১ ডিসেম্বর)।
ভাবতে অবাক লাগে, পৌনে দু’শত বছর (১৭৭২-১৯৪৭) আগে যারা একদিন ‘ব্রিটিশ সিংহ’ এর আগ্রাসন ঠেকিয়ে নিজেদের স্বাধীনসত্ত্বা টিকিয়ে রাখার গৌরবের অধিকারী, তারা কিনা বেলুচ রেজিমেন্টের মত একটি ‘ষাঁড়’কে প্রতিরোধ করলো না বা করতে পারলো না! পার্বত্যবাসীর প্রতিরোধ শক্তি কতটুকু লোপ পেয়েছিল ভাবলে আঁতকে উঠতে হয়! তখনকার দিনে কর্ণফুলি নদী দিয়ে রাঙ্গামাটি যেতে হতো। চট্টগ্রাম-রাঙ্গামাটি পাকা সড়ক তখনও হয়নি বা যেটুকু কাঁচা রাস্তা ছিল, তাও ছিল ব্যবহার অনুপোযোগী। যতদূর জানা যায়, বেলুচ রেজিমেন্টের দলটিও আকারে বড় ছিল না। তখনকার দিনে পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল পাহাড়িদের নিয়ে গঠিত ফ্রন্টিয়ার পুলিশ, তারা প্রতিরোধ গড়ে তুলেনি। প্রতিরোধের লক্ষ্যে সলা-পরামর্শও হয় বলে জানা যায়। কিন্তু নিজেদের মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্ব নানা সংশয়। বলিষ্ঠ উদ্যোগ আর সংগঠনের দুর্বলতা ছিল অত্যধিক। অথচ ১৫ আগস্ট ভারতীয় পতাকা উত্তোলনের সময় রাঙ্গামাটিতে সমবেশ ঘটেছিল দশ সহস্রাধিক যুবকের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পার্বত্য চট্টগ্রাম আজও সেই উপনিবেশিক শাসনের যাতা কলে পিষ্ট হয়ে রয়েছে পরাধীনতার গ্লানি টানতে হচ্ছে।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ ঃ


