print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, অক্টোবর,২০২১

পটুয়াখালী প্রতিনিধি ঃ

পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের কড়া নজরদারী আর ফায়ারকর্মীদের চেষ্টায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপ-পরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার পর পরই ঘটনাস্থলে ছুটে আসে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, অন্তত দেড় শতাধিক দোকন-পাট-ব্যবসা-প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আর ক্ষতির পরিমান শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।