
করোনাভাইরাস (কোভিড-১৯) নামের এক অভিশাপে মৃত্যুপুরী গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোতে এই ভাইরাসের তাণ্ডব আগের সব মহামারিকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও ভয়াল ছোবল দিয়েছে ভাইরাসটি। আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। প্রাণ ঝরেছে হাজার হাজার।
তবে উন্নত দেশগুলোতে, এমনকি প্রতিবেশী ভারতেও যেভাবে এ ভাইরাস লাশের সারি ফেলেছে, বাংলাদেশ সে তুলনায় এখন পর্যন্ত কিছুটা হলেও স্বস্তির জায়গায় আছে বলে বিশ্লেষকরা মনে করেন। তারা এক্ষেত্রে ভাইরাস মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটি বা লকডাউন, চিকিৎসাসেবাসহ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপকে কৃতিত্ব দিচ্ছেন। পাশাপাশি জনসচেতনতা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও পাচ্ছে বিশেষজ্ঞদের প্রশংসা।
এই মহামারিকালে দেশের সামগ্রিক স্বাস্থ্যখাত বিশেষত চিকিৎসাসেবায় ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা ও ই-সার্ভিস অনন্য ভূমিকা পালন করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, যে কোনো মহামারি নিয়ন্ত্রণে তথ্য ব্যবস্থাপনা অন্যতম প্রধান অংশ। যে প্রক্রিয়ায় ব্যক্তি ও সামগ্রিক রোগ নজরদারির তথ্য, নিয়মিত রিপোর্টিং, রোগতাত্ত্বিক বিশ্লেষণ, রোগ পর্যবেক্ষণ ও রিসোর্স ম্যাপিং করা হয়। করোনার প্রকোপের শুরু থেকেই স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস (এমআইএস) শাখার নেতৃত্বে তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলছে দক্ষতার সঙ্গে। ফলে বিভ্রান্তি-গুজব প্রতিরোধ করে গড়ে তোলা গেছে জনসচেতনতা, যা মহামারি মোকাবিলায় দিচ্ছে আশাব্যঞ্জক ফল।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটিমাত্র আরটি-পিসিআর
ল্যাবরেটরিতে এ ভাইরাসের নমুনা পরীক্ষা হতো। পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরি, ৩৫টি জিন এক্সপার্ট, ২৬৬টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিসহ মোট ৪২৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ৬ মে পর্যন্ত দেশে ৫৫ লাখ ৮২ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন করোনা রোগী শনাক্ত হয়। ভাইরাসটিতে ৬ মে পর্যন্ত ঝরে যায় ১১ হাজার ৭৯৬ প্রাণ। একই সময়ে সুস্থ হয়ে ওঠেন সাত লাখ দুই হাজার ১৬৩ জন।
দেশের প্রতি ১০ লাখ জনসংখ্যায় চার হাজার ৫১৬ দশমিক ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৯ দশমিক ২৬ জন। সুস্থ হয়েছেন চার হাজার ১২২ দশমিক ৯৪ জন। করোনার শুরু থেকে ৬ মে পর্যন্ত বিমান, সমুদ্র, স্থলবন্দর ও রেলস্টেশনে ২১ লাখ ২৮ হাজার ২২৮ জন বিদেশফেরত যাত্রীর হেলথ স্ক্রিনিং হয়। এর মধ্যে সাত লাখ ১৯ হাজার ৬৪৪ জনকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে নেয়া হয় এবং এক লাখ ২৫ হাজার ১২৩ জন সন্দেহভাজন করোনা রোগীকে রাখা হয় আইসোলেশনে।
বর্তমানে সারাদেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১২ হাজার ৪৮টি সাধারণ শয্যা ও এক হাজার ৭২টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালে তিন হাজার ৪৪৪টি সাধারণ শয্যা, ২৬২টি আইসিইউ শয্যা, হাইফ্লো নেজাল ক্যানুলাসহ আইসিইউ সমতুল্য ৪৭৪টি শয্যা এবং অক্সিজেন কনসেনট্রেটরসহ ২২৪টি শয্যা রয়েছে। বেসরকারি ২৭টি হাসপাতালে এক হাজার ৮৯৮টি সাধারণ শয্যা ও ৫০০টি আইসিইউ শয্যা, হাইফ্লো নেজাল ক্যানুলাসহ আইসিইউ সমতুল্য ৩৫৭টি শয্যা এবং অক্সিজেন কনসেনট্রেটরসহ ১০৮টি শয্যা রয়েছে।
মহামারির প্রথম ধাক্কা
২০১৯ সালের ডিসেম্বর। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। প্রথমদিকে চীন কর্তৃপক্ষই এটিকে আমলে নেয়নি। কিন্তু কয়েক সপ্তাহ না ঘুরতেই পুরো প্রদেশ ছাড়িয়ে চীনকেই কাঁবু করে ফেলে ভাইরাসটি। এরপর ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে থাকে করোনা। ২০২০ সালের ১১ মার্চ করোনার সংক্রমণকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশ শুরু থেকেই করোনাভাইরাস প্রতিরোধে ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-১৯ প্রণয়ন করে। করোনা প্রতিরোধে ৩১ দফা নির্দেশনার আলোকে পরিকল্পনায় প্রথমে তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়। বিদেশ থেকে করোনাভাইরাসের আগমন নিয়ন্ত্রণ, দেশের মধ্যে করোনা এসে পড়লে তার বিস্তার নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের চিহ্নিতকরণসহ তাদের পৃথক করে চিকিৎসা প্রদান।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ক্রমে সম্পূর্ণ অপরিচিত এ রোগের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। এতে দেশের সাধারণ জনগণ তো বটেই, স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত শীর্ষ কর্মকর্তারাও আতঙ্কিত, হতবিহ্বল এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
সিলেটে করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন আহমদকে ঢাকায় আনার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর খোদ স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেশি চেপে বসে। এর মধ্যে আবার হাসপাতালে কর্তব্যরতদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্ক ও পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট) মিলছিল না। রোগ শনাক্তের জন্য শুধু রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ছাড়া ছিল না প্রয়োজনীয় সংখ্যক আরটি-পিসিআর
ল্যাবরেটরি। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন যেমন ছিল না, তেমনি মারাত্মক সঙ্কট দেখা দেয় আইসিইউ শয্যার। এছাড়া সংক্রমিত হওয়ার ভয়ে হাসপাতালে রোগীকে স্বজনদের ফেলে যাওয়া, মৃত রোগীর লাশ দাফনে বাধা দেয়াসহ নানা ঘটনা গোটা দেশবাসীকে চরম আতঙ্কে ফেলে দেয়।
এ অবস্থায় ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন চলে লকডাউন। মানুষ হয়ে পড়ে ঘরবন্দি। সরকারের সর্বোচ্চ মহল স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে করণীয় নির্ধারণে দফায় দফায় বৈঠক করেন। লকডাউনের কারণে সরকারি অফিস-আদালত প্রায় বন্ধ থাকায় কীভাবে করোনা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ তথা সামগ্রিক পরিস্থিতি সামাল দেয়া যায় তা নিয়েও আলোচনা চলতে থাকে।
এর মধ্যে নেয়া হয় নানা পদক্ষেপ। শুরু হয় ডিজিটাল বিভিন্ন কার্যক্রমও। সেসব পদক্ষেপ-কার্যক্রমই শৃঙ্খলা নিয়ে আসে করোনা প্রতিরোধ কার্যক্রমে।
স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পুঙ্খানুপুঙ্খরূপে করোনা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংরক্ষণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি অনন্য ভূমিকা পালন করছে। মহামারির শুরুতে ন্যাশনাল কোভিড-১৯ সার্ভেইল্যান্স সিস্টেম তৈরির মাধ্যমে আগের প্রচলিত ডাটা প্লাটফর্ম ডিএইচআইএস২ ব্যবহার করে কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এ পদ্ধতি ব্যবহার করে করোনা সংক্রান্ত সামগ্রিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।
স্বাস্থ্যখাতে তথ্য ব্যবস্থাপনা ও ই-সার্ভিস যেভাবে ভূমিকা রাখছে
ব্যক্তিপর্যায়ে তথ্যের ক্ষেত্রে সার্ভেইল্যান্স ট্র্যাকার উপজেলায় পর্যন্ত করোনা রোগীর অবস্থান, ল্যাব পরীক্ষার ফল এবং স্বাস্থ্য ব্যবস্থার তথ্য সরবরাহ করছে সংশ্লিষ্ট পর্যায়ে। পাশাপাশি সমন্বিত তথ্যের ক্ষেত্রে দৈনিক করোনা রোগীর অবস্থা (ল্যাব পরীক্ষা, আক্রান্ত, আইসোলেশন, সুস্থ এবং মৃতের সংখ্যা), বিমান, সমুদ্র এবং স্থলবন্দরসহ বিভিন্ন পয়েন্টে অব এন্ট্রিতে করোনা স্ক্রিনিংয়ের তথ্য এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সামগ্রিক তথ্য অবহিত করার কাজও চালিয়ে যাচ্ছে।


