
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস মিয়া (৪৫) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস মিয়া দিঘীরপাড় গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কাঠুরিয়া ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী ওয়াকিল মিয়ার বাড়ির একটি কাঁঠাল গাছ কাটার কাজ করতে যান ইদ্রিস। এ সময় তিনি নিজের বৈদ্যুতিক করাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমি ইদ্রিস মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



