
স্পোর্টস ডেস্ক ঃ
বিশ্বকাপ টি-টোয়েন্টি শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর আরব আমিরাত ও ওমানে আট দলের অংশগ্রহণে প্রথম রাউন্ডের মধ্য দিয়ে মাঠে গড়াবে কুড়ি ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।
আসরের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল।
প্রথম রাউন্ডে বি গ্রুপের বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এই রাউন্ডে দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে মূল রাউন্ডে। যেখানে আগেই বসে আছে ৮টি দল। গ্রুপ সেরা হলে আফগানিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের গ্রুপে পড়বে বাংলাদেশ।
বিশ্বকাপকে সামনে রেখে প্রথম রাউন্ডের ৮ দলের অধিনায়কের ভিডিওবার্তা প্রকাশ করেছে আইসিসি। যেখানে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যত শক্তিশালী বা দুর্বলই হোক না কেন, নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে খেলতে চান মাহমুদউল্লাহ।
তিনি বলেছেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রতিপক্ষের সাথেই খেলেন না কেনো প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনাকে শুরুর বল থেকেই সেরাটা খেলতে হবে। মাইন্ড ফ্রেম ঠিক রেখে আপনি দলের প্রক্রিয়ায় মনোযোগী হলে সব ম্যাচ জিততে পারবেন।’
নিজ দলের শক্তির কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি আমাদের শক্তির জায়গা হল আমাদের অলরাউন্ডাররা ও আমাদের বোলিং ডিপার্টমেন্ট। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টও বেশ ভালো। আমি মনে করি আমাদের দলে ভালো ব্যালান্স আছে। বিশেষ করে দলে আমরা ৫-৬ জন অলরাউন্ডার যারা বল ও ব্যাট করতে পারি।’
ফাস্ট বোলারদের দিকে বিশেষ নজর দিয়ে টাইগার অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা দারুণ কাজ করছে। তাছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্ট তো আমাদের শক্তির জায়গা হিসাবে আছেই। যদি আমরা তাদের সাহায্য পাই তাহলে ভালো ফল করতে পারব।’
দলের পক্ষে কারা হতে পারেন ট্রাম্পকার্ড, সেটি উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমাকে কয়েকটি প্লেয়ারের নাম বলতে হয় আমি প্রথমেই বলব সাকিবের (সাকিব আল হাসান) নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। এছাড়া মুশফিক (মুশফিকুর রহিম) ও মোস্তাফিজ (মোস্তাফিজুর রহমান) আছে।’
এসময় তরুণদের ওপর আস্থার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আফিফ (আফিফ হোসেন ধ্রুব), শামীম (শামীম হোসেন), সোহান (নুরুল হাসান সোহান) এর মত বেশ কিছু ইয়াংস্টার আছে যারা নিজেদের জন্য ও দলের জন্য ভালো করছে। এই ইয়াংস্টারদের দিকে চোখ রাখতে হবে বলে মনে করি।’


