print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ০২ মার্চ ২০২২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

সারাদেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আ’লীগ সিন্ডিকেট: খন্দকার মোশাররফ ।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য আওয়ামী লীগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, এ সিন্ডিকেট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে শুরু করে সবকিছুই করছে। যারা এ দেশের জনগণকে বারবার ঠকিয়েছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, এ সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই। একটাই টার্গেট দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং বিদেশে আমাদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। একইসঙ্গে এ সরকার থেকে থেকে জনগণকে মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা নিরপেক্ষ নির্বাচন চায়। নিজের হাতে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু আওয়ামী লীগের হাতে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা আর কোনো নির্বাচন হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে অরও বক্তব্য দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, নির্বাহী সদস্য শাহ শহীদ সারোয়ার, শাহ নূরুল কবীর শাহীন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ।