
প্রকাশিত,১৬ জানুয়ারি, ২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদী প্রকাশিত সুনই জলমহালটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে
উপজেলা নির্বাহী কর্মকর্তার( ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। জমলহালটি থেকে মৎস্য আহরণ করা নিয়ে সংঘর্ষের সমূহ আশঙ্কা থাকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান গত শনিবার রাতে এই আবেদন করেছেন ।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদী প্রকাশিত সুনই জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। ১৪২২বঙ্গাব্দ থেকে ১৪২৭বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য এটি ইজারা পায় সুনই মৎস্যজীবিী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি চন্দন বর্মণ (৩০) যথারীতি ইজারামুল্য পরিশোধ করেন। জেলেদের বসবাস ও অন্যান্য কাজের জন্য সেখানে পাঁচটি অস্থায়ী ঘর নির্মাণ করে তাঁরা জলমহালটি রক্ষণাবেক্ষণ শুরু করেন। অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে রোকনের অনুসারী সুবল বর্মণ সুনই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দাবি করে ১৪২৭বঙ্গাব্দের ইজারামুল্য সরকারি কোষাগারে জমা দেন। তিন মাস আগে সেখানে তাঁর লোকজনদের বসবাস ও অন্যান্য কাজের জন্য দুটি অস্থায়ী ঘর নির্মাণ করে তাঁরা জলমহালটি রক্ষণাবেক্ষণ শুরু করেন। ওই সমিতির সভাপতির পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে পৃথক দুটি মামলা রয়েছে। মামলার আদেশে উচ্চ আদালত থেকে জলমহালটিতে এখন স্থিতিবস্থা রয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৭জানুয়ারি রাত আটটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুসারীরা সংঘবব্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জলমহালটিতে যান। এ সময় তারা জলমহালটির পাড়ে থাকা চন্দন বর্মণের খলাঘরে আগুন ধরিয়ে দেন। এসময় সেখানে থাকা জেলেদের ১৫-২০মণ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে আসলে সমিতির সদস্য শ্যামাচরণ বর্মন (৬৫)কে গলা কেটে হত্যা করা হয়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, জলমহালটি আমার ইউনিয়নে অবস্থিত। সুনই মৎস্যজীবী সমবায় সমিতিটি দুটি পক্ষে বিভক্ত রয়েছে । তাই জলমহালটি থেকে মাছ আহরণ নিয়ে সমিতির দুটি পক্ষের মধ্যে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জলমহালটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য ইউএনও স্যারের কাছে আমি আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পদ নিয়ে উচ্চ আদালতে পৃথক দুটি মামলা রয়েছে। আদালতের নির্দেশে জলমহালটিতে এখন স্থিতিবস্থা রয়েছে। উচ্চ আদালতের আদেশ যাতে রক্ষা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি ওসি সাহেবের কাছে পাঠিয়েছি। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের এখতিয়ার আমার নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ইউএনও স্যারের কাছ থেকে চিঠি পেয়েছি। সুনই জলমহালটির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হচ্ছেন ইউএনও স্যার। তাঁর নির্দেশনা অনুযায়ী ওই জলমহালটিতে আইনশৃঙ্খলা রক্ষাসহ থানা পুলিশ অন্যান্য কাজ করবে।##


