
প্রকাশিত,১১, আগস্ট,২০২১
জয়ন্ত দে,শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে বজ্রপাতে মো. মোস্তফা (৪০) নামে এক কৃষি শ্রমিক নিহত ও আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ১১ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা স্থানীয় মো. আব্দুল খালেকের ছেলে। আহতরা হচ্ছেন স্থানীয় মো. ফজু মিয়ার ছেলে মো. বদু মিয়া (৩৫) ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ (৩৪)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বুধবার বেলা ১২টার দিকে বৃষ্টিপাতের সময় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে জনৈক মো. ভাসানীর কৃষি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে কৃষি শ্রমিক মোস্তফা ঘটনাস্থলেই মারা যান এবং বদু মিয়া ও আবু সাঈদ গুরুতর আহত হন। পরে গুরতর অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত আবু সাঈদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন জানান, বজ্রপাতে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


