
প্রকাশিত,৩১, আগস্ট,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১সেপ্টেম্বর ২০২১ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ৫০০ নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১৫নং ওয়ার্ডের আলমনগর মোড়ে তরুণ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং সাবেক যুবদল নেতৃবৃন্দ ফোরামের তত্বাবধানে থানার পাঁচ শতাধিক নিরন্ন ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় খালিশপুর মুস্তাঈনুল আলিম মাদ্রাসা ও রুলিং মিল মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলামের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল করা হয়।
খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শের আলম সান্টুর সভাপতিত্বে উক্ত খাবার বিতরণ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতা শের আলম সান্টু বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে এদেশ স্বাধীন হয়েছিল ঠিক তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এদেশে আবার অচিরেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
তিনি এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য খুলনা-৩ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই ধারা তিনি অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


