
প্রকাশিত
এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢীকান্দি গ্রামের বাসিন্দা নেছার উদ্দিন ও তার ভাই মিজান উদ্দিন (রাছেল) এর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইল, মিথ্যা মামলা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একটি ভুক্তভোগী পরিবার
শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম অভিযোগ করেন, নেছার উদ্দিন ও তার ভাই দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন। তার দাবি, পারিবারিক পরিচয়ের সূত্র ধরে নেছার উদ্দিনের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে তার বোন আখি আক্তারের কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ গ্রহণ করা হয় এবং স্বর্ণালংকার বন্ধক রেখে অর্থ আত্মসাৎ করা হয়। সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা একটি ব্যক্তিগত ছবি ব্যবহার করে তার বোনকে ব্ল্যাকমেইল করেছেন এবং পরবর্তীতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন। তিনি বলেন, “আমাদের পরিবারের কাছ থেকে অর্থ নেওয়ার পরও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আমরা দীর্ঘদিন ধরে মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।”
এসময় মানববন্ধনে বক্তারা দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্মারক নম্বর: ৪৪.০০.০০০০.০০০.২২৬. ২৭.০০০২.২৫.৪৩৭ প্রদান করা হয়েছে বলেও তারা জানান।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল, প্রতারণা ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা, আত্মসাৎ করা অর্থ ও স্বর্ণালংকার ফেরত প্রদান, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করা। তবে এ বিষয়ে অভিযুক্ত নেছার উদ্দিন ও মিজান উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

