
প্রকাশিত
প্রতিনিধি, টাঙ্গাইলঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় সংলগ্ন সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই ট্রাকটিতে করে কয়েকজন যাত্রী উত্তরবঙ্গের দিকে ঈদযাত্রায় যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



