
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নে জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের লামকাইন হাজী বাড়ির বাসিন্দা রুকুন উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিয়াম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মানুষও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বজ্রপাতের সময় খোলা মাঠে বা উঁচু স্থানে অবস্থান না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
পাগলা থানার পুলিশ জানায়, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জেনেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



