print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে খালের পানিতে ডুবে নিপা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর গ্রামের বেপারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিপা আক্তার স্থানীয় শহীদ ব্যাপারীর কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের খালের পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নিপা।
একপর্যায়ে সবার অগোচরে সে খালের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে খালের পানিতে ভাসমান অবস্থায় নিপার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন।

চরআলগী ইউনিয়নের বেপারীপাড়া এলাকার বাসিন্দা ও গফরগাঁও উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী জানান, শিশুটি খালের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।