print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১ ফেব্রুয়ারি, ২০২১

এম এইচ লিপু মজুমদার ধরমপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে রোকন ২২ দিন ধরে কর্মস্থলে নেই। এ অবস্থায় চলতি বছরের জানুয়ারি মাসের উপজেলা মাসিক সমন্বয় সভা হয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে না থাকায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের প্রকল্প অনুমোদনসহ নানা উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
উপজেলা প্রশাসন ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলায় প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপজেলা মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়। সে অনুযায়ী গত ১৪ জানুয়ারি উপজেলা মাসিক সমন্বয় সভা হওয়ার কথা ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বশেষ গত ১০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদে এসে ঘণ্টা দুয়েক অফিসে বসে দাপ্তরিক কাজকর্ম করেছেন। এরপর থেকেই তিনি আর অফিসে আসছেন না। তিনি কর্মস্থলে না থাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প অনুমোদন, দ্বিতীয় পর্যায়ের টিআর, কাবিখার প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

মোজাম্মেল হোসেনের সিএ (গোপনীয় সহকারী) রুনু নিয়োগী বলেন, ‘স্যার (উপজেলা পরিষদের চেয়ারম্যান) কিছুদিন ধরে কর্মস্থলে নেই। আমার সঙ্গে মোবাইল ফোনে স্যারের কোনো যোগাযোগ নেই। তবে স্যারের এক আত্মীয়ের মাধ্যমে আমি জানতে পেরেছি, স্যার শারীরিকভাবে অসুস্থ। তিনি চিকিৎসার কারণে ঢাকায় রয়েছেন। সপ্তাহ খানেকের মধ্যেই তিনি কর্মস্থলে ফিরবেন বলে জানতে পেরেছি।’