
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান মোল্লা ও তাঁর স্ত্রী একটি বাসে ঢাকা থেকে এসে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে তাঁরা মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



