
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। তবে সেই সুফল কাজে লাগিয়ে গোপালগঞ্জে শিল্পকারখানা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম। জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ চেয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের বিসিক-সংলগ্ন একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রফিকুল ইসলাম। গোপালগঞ্জের নানামুখী সমস্যা সমাধানের দাবিতে গণতান্ত্রিক ঐক্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হলেও গোপালগঞ্জে এখনো উল্লেখযোগ্য শিল্পকারখানা গড়ে ওঠেনি। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরীর প্লটগুলোতে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ দৃশ্যমান নয় বলে তিনি অভিযোগ করেন। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সীমিত থাকছে।
জেলার স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রফিকুল ইসলামের অভিযোগ, গোপালগঞ্জে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ থাকলেও চিকিৎসকসংকটের কারণে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই ঢাকা বা খুলনায় পাঠাতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার মান বাড়ানোর দাবি জানান তিনি।
সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কথা তুলে ধরে রফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু থেকে আসা সড়কের গোপালগঞ্জ অংশে প্রয়োজনীয় প্রশস্ততা না থাকায় কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে দাবি করেন তিনি। সড়ক প্রশস্তকরণ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিল-হাওর এলাকার উন্নয়নের ওপরও গুরুত্ব দেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সরকারি উদ্যোগের মাধ্যমে এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রফিকুল ইসলাম বলেন, গোপালগঞ্জের উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এসব সমস্যা সমাধানে সরকার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।



