
প্রকাশিত
গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অধিকাংশ আসামি পাঁচ দিনেও গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের কালিবাড়ি চরগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল। মামলার অধিকাংশ আসামি এখনও আইনের আওতার বাইরে থাকায় একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ ধর্ষণের মতো গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও কোনোভাবেই কাম্য নয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দ্রুত বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি করছে বলে জানা গেছে।
এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



