print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম বাবু,লালমনিরহাট

*লালমনিরহাট, ৬ জুলাই ২০২৬:* “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে লালমনিরহাটে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস, ২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসন, লালমনিরহাট ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লালমনিরহাটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, পুরস্কার, ঋণের চেক ও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানের সভাপতি ও বিআরডিবি, লালমনিরহাটের উপপরিচালক জনাব এ কে এম শামীম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রোজী। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ বিভাগের বিজয়ী মোট ৬ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি, পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য বসিরটারী মহিলা পল্লী উন্নয়ন দলের সফল উদ্যোক্তা জনাব মোছাঃ রাশেদা খাতুন এবং মোগলহাট অপ্রধান শস্য উৎপাদন দলের সফল উদ্যোক্তা মোঃ আশাদুজ্জামানকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে পুরস্কৃত করা হয়।

গ্রামীণ জনপদের নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে ৩ জন নারী উদ্যোক্তার মাঝে বিআরডিবি-এর পক্ষ থেকে সর্বমোট চার লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে মোছাঃ আলফাতুন নাহার খাতুনকে ১ লক্ষ ২৫ হাজার টাকা, মোছাঃ মমিনা বেগম রেনুকে ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং মোছাঃ সাবিনা ইয়াসমিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সকল অংশগ্রহণকারী ও উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।